এক সকালে এক দয়ালু ব্রাহ্মণ হাট থেকে একটা সুন্দর সাদা ছাগল কিনলেন। ছাগলটাকে কাঁধে তুলে তিনি খুশি মনে গ্রামের পথে রওনা দিলেন।
একটা গাছের আড়ালে লুকিয়ে ছিল তিন ঠগ। তারা ফিসফিস করে বলল, “দেখ, কী মোটাসোটা ছাগল! চল, লোকটাকে বোকা বানিয়ে ছাগলটা হাতিয়ে নিই।” তারপর একটা সোজা পথ ধরে আগে আগে ছুটে গেল।
প্রথম ঠগ রাস্তায় এসে দাঁড়াল। “নমস্কার, ঠাকুরমশাই!” সে বলল। “আপনি কাঁধে একটা নোংরা কুকুর বয়ে নিয়ে যাচ্ছেন কেন?” ব্রাহ্মণ বললেন, “কুকুর? এ তো ছাগল!” বলে তিনি এগিয়ে চললেন।
আরেকটু এগোতেই দ্বিতীয় ঠগ দাঁড়িয়ে ছিল। “কী আশ্চর্য!” সে হেঁকে বলল। “একজন পুণ্যবান মানুষ কাঁধে কুকুর নিয়ে চলেছেন!” ব্রাহ্মণ ভুরু কোঁচকালেন। তিনি ছাগলটার দিকে তাকালেন, কিন্তু ভালো করে দেখলেন না।
গ্রামের কাছে তৃতীয় ঠগ হো-হো করে হেসে উঠল। “হা হা! দেখো দেখো, লোকটার পিঠে কুকুর!” এবার ব্রাহ্মণের দুশ্চিন্তা হল। তিনি ভাবলেন, “তিনজন লোকই কি ভুল বলতে পারে?”
তাই তিনি ছাগলটাকে রাস্তায় নামিয়ে রেখে চলে গেলেন। ঠগেরা হাততালি দিতে দিতে লাফিয়ে বেরিয়ে এল। “বিশ্বাস করে ফেলেছে!” বলে খিকখিক করে হাসতে হাসতে তারা ছাগলটাকে ধরতে ছুটল।
কিন্তু ছাগলটা ছিল ওদের চেয়েও চটপটে। “ম্যা-অ্যা-অ্যা!” সে পা ছুড়ে দৌড় দিল, আর একছুটে পৌঁছে গেল ব্রাহ্মণের বাড়িতে। ব্রাহ্মণ এবার ভালো করে তাকালেন। আরে, এ তো ছাগলই!
ব্রাহ্মণ ছাগলটাকে জড়িয়ে ধরলেন আর নিজের বোকামিতে নিজেই হেসে ফেললেন। তিনি বললেন, “এর পর থেকে আমি নিজের চোখকেই বিশ্বাস করব, অন্যের চালাকিকে নয়।”
নীতিকথানিজের চোখকে বিশ্বাস করো। অনেকে বলছে বলেই কোনো কথা মেনে নিয়ো না।
চলো কথা বলি: ঠগেরা ব্রাহ্মণকে কীভাবে বোকা বানাল? তুমি হলে ওদের কী বলতে?



